ভার্চুয়াল কোর্টে বেরোবি শিক্ষকের জামিন

৫ আগষ্ট, ২০২০ ২০:১৩  
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর প্রয়াত সদস্য ও সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিরাজাম মুনিরাকে জামিন দিয়েছে হাই কোর্ট। বুধবার অনলাইন জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে জামিন দিয়েছেন বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাংগীর আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম। এর আগে ফেসবুকে ব্যাঙ্গাত্মক পোস্ট দেয়ার দায়ে গত ১৩ জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এই প্রভাষককে গ্রেফতার করে পুলিশ। পরে গত ১৮ জুন ওই শিক্ষকের পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।